কৃষি নির্ভর বাংলাদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর প্রণোদনার পরিমাণ অনেক কম হওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মো. রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্য ও দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ নেওয়াজ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে উচ্চফলনশীল সরিষা, গম, ভুট্টা, বাদাম, সূর্যমুখী, লাউসহ বিভিন্ন শাকসবজির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। তবে গত বছর একই কর্মসূচির আওতায় প্রায় ২ হাজার ৫০০ জন কৃষক এ সহায়তা পেয়েছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন স্বল্প খরচে অধিক ফলন পেতে পারেন, সেই লক্ষ্যেই এ প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমরা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি।”
এলাহাবাদ গ্রামের কৃষক আবদুল লতিফ (৫০) বলেন, “আমরা ছোট কৃষকরা অনেক সময় বীজ কিনতে পারি না। বাজারের বীজের উপরও আস্থা থাকে না। সরকার বিনামূল্যে বীজ ও সার দিয়ে আমাদের চাষাবাদে নতুন আশার আলো দেখিয়েছে। তবে গত বছরের তুলনায় এবার সহায়তা কম হওয়ায় উৎপাদনে ঘাটতি দেখা দিতে পারে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “সরকার কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই প্রণোদনা শুধু সহায়তা নয়, এটি কৃষকদের আত্মনির্ভরশীল হওয়ার প্রেরণা। আমরা মাঠে বেকার আবাদি জমি না রেখে খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় করতে চাই। প্রণোদনায় ঘাটতি থাকলে উপজেলা পরিষদের অর্থায়নে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তা পূরণের চেষ্টা করা হবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে প্রতীকীভাবে বীজ ও সার তুলে দেন। পরে উপজেলা কৃষি অফিসের মাঠ কর্মকর্তারা ইউনিয়ন পর্যায়ে বাকি কৃষকদের মধ্যেও বীজ ও সার বিতরণ শুরু করেন।

