মণিরামপুরে ২দিন ব্যাপী তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মুনলিট ক্যাফে “নেটজ বাংলাদেশ” এর অর্থায়নে ‘রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ’ এর হোপ প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। মণিরামপুর উপজেলা সিএসও’র সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও রিইবের প্রকল্প সমন্বয়কারি খালিদ হাসানের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনজিও সমন্বয়কারী শাহাজান নান্নু। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন রিইবের উপ- পরিচালক রুহিনাজ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসও’র সভাপ্রধান অনুপমা মিত্র, মণিরামপুর সিএসও’র সম্পাদক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়, সাবেক কাউন্সিলর গীতা রানী কুন্ডু প্রমূখ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রিইব হোপ প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়কারী ভানু রানী। প্রশিক্ষণে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন জনগণের প্রশিক্ষণে ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তথ্য প্রদানকারী কর্মকর্তাদের আইন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে জনগণের তথ্য জানার অধিকারকে সমুন্নত রাখা। রিসোর্স পারসন ভানু রানী, তথ্য অধিকার আইন, বিধিমালা, স্বপ্রণোদিত তথ্য প্রকাশের বাধ্যবাধকতা, তথ্যের জন্য আবেদন পদ্ধতি, তথ্য প্রদানের সময়সীমা, আপিল প্রক্রিয়া এবং তথ্য প্রদানে অস্বীকৃতির বিষয়গুলো বিস্তারিত আলোচনা ও উদাহরণসহ তুলে ধরেন। দুই দিনের কর্মশালায় একাধিক সেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিন, রিসোর্স পারসনগণ তথ্য অধিকার আইনের পটভূমি, গুরুত্ব এবং তথ্য কমিশন কর্তৃক প্রকাশিত নির্দেশিকা সমূহ নিয়ে আলোচনা এছাড়া কোন কোন তথ্য প্রকাশ করা যাবে না এবং সেই সংক্রান্ত আইনি সীমাবদ্ধতা নিয়েও আলোচনা হয়।

