বাসস
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের এক ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য বিমোচনসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট লুলা বলেন, ব্রাজিলের সর্বজনীন স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা বাংলাদেশকে জানাতে আগ্রহী, একই সঙ্গে তিনি ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিখতে চান।
অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট লুলাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বলেন, এটি হবে “একটি অসাধারণ সফর।”
লুলা অধ্যাপক ইউনূসকে ২০২৫ সালে অ্যামাজনে আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এ অংশ নিতে আমন্ত্রণ জানান। তবে নির্বাচনী প্রস্তুতির কারণে ইউনূস তার অংশগ্রহণ অনিশ্চিত বলে জানান।
বৈঠকে বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, টিকা ও ওষুধে সহযোগিতা এবং বিশ্বে ফুটবলের প্রভাব নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশের প্রতিটি গ্রামে ব্রাজিল ফুটবল দলের অগণিত সমর্থক রয়েছে।
বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

