রাজধানীর মিরপুরে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে শাহআলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন মিরপুরের ব্যবসায়ী মোঃ খুরশীদ আলম। জিডি নং–৪০২, তারিখ ৮ আগস্ট ।
অভিযোগ সূত্রে জানা যায়, খুরশীদ আলম মিরপুর সেকশন-১, ব্লক-এইচ, রোড-৫, বাড়ি নং ৪১/৪২–এর বাসিন্দা এবং পেশায় একজন ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ী। তিনি জানান, মনির হাওলাদার , পিতা বাহার আলী হাওলাদার, সাং–এনায়েতপুরা, থানাঃ কাঠালিয়া, জেলা ঝালকাঠি বর্তমানে মিরপুর ব্লক- ই তে বসবাসরত ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ছিল।
সম্পর্কের সুবাদে মনির হাওলাদার প্রায়ই তার বাসায় যাতায়াত করতেন এবং কৌশলে কিছু ব্যক্তিগত কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করেন। পরবর্তীতে মনির দাবি করেন যে, খুরশীদ আলম ও তার স্ত্রী তাকে দুটি ব্যাংকের ৪ টি চেক দিয়েছেন যার মধ্যে দুটি ডাচ্-বাংলা ব্যাংক, মিরপুর শাখা এবং দুটি রূপালী ব্যাংক শাখার। চেক নম্বরগুলো যথাক্রমে 5004333, 5004334, 1545079 ও 1545080।
খুরশীদ আলম অভিযোগ করেন, উক্ত চেকগুলো জাল এবং চেকে তার ও তার স্ত্রীর স্বাক্ষর জাল করা হয়েছে। তিনি চেকগুলো ফেরত চাইলে মনির হাওলাদার তাকে হুমকি দেয় যে, যদি ১৫ লক্ষ টাকা প্রদান না করেন, তবে তার ক্ষতি করবে। এমনকি বিভিন্ন প্রভাবশালী নেতা ও মন্ত্রীর নাম ব্যবহার করে ভয় দেখানো হয়।
ঘটনার পর ৪ আগস্ট সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে তিনি মনির হাওলাদারের সঙ্গে দেখা করলে, মনির তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়। নিজের নিরাপত্তা এবং ভবিষ্যৎ আইনি প্রয়োজনে তিনি শাহআলী থানায় এই সাধারণ ডায়েরি দায়ের করেন।
জিডিটি নথিভুক্ত করেন শাহআলী থানার ডিউটি অফিসার রিপন রায় । তদন্তের দায়িত্বে রয়েছেন এস অই (নিরস্ত্র) মোঃ রুবেল উদ্দীন ।
শাহআলী থানার অফিসার ইনচার্জ কাজী মোঃ রফিক আহমেদ জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

