ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ। তার নাম শাহীনুল ইসলাম। তিনি এলজিইডিতে প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মেদের কাছে চাকরির তদবিরে গিয়ে সন্দেহ বশত ধরা পড়ে। গত সোমবার আগারগাঁও এলজিইডি ভবনে এ ঘটনা ঘটে। প্রতারকের বিরুদ্ধে এলজিইডির চীফ সিকিউরিটি অফিসার মোঃ সাহিদ হোসেন চৌধুরী বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজহার সূত্রে জানা যায়, মোঃ শাহিনুল ইসলাম গত সোমবার দুপুর আড়াইটায় এলজিইডি, আগারগাঁও ভবনের সামনে দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের কাছে মোঃ শাহিনুল ইসলাম নিজেকে ডিজিএফআই এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দেয়। এ সময় গার্ডের অনুমতি ক্রমে এলজিইডি ভবনে প্রবেশ করে আইইউজিআইপি এর প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মেদের সাথে সাক্ষাৎ করার জন্য ১২ তলায় অফিস কক্ষে যায়। সেখানে গিয়ে মোঃ শাহিনুল ইসলাম নিজেকে ডিজিএফআই এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মেদের কাছে জনৈক মোঃ ওয়ালিউল্লাহ মিয়া এবং জনৈক মোঃ ইমরান হাসানের জন্য চাকরির তদবির করেন। তখন প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মেদ আসামী মোঃ শাহিনুল ইসলামের সাথে কথোপকথনকালে সন্দেহ হলে তিনি শেরেবাংলা নগর থানা এলাকায় কর্মরত অন্যান্য ডিজিএফআই কর্মকর্তাগণের মাধ্যমে যাচাই বাচাই করেন। তারা প্রকল্প পরিচালককে খবর নিয়ে জানান মোঃ শাহিনুল ইসলাম নামে ডিজিএফআই এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে কোন ব্যক্তি কর্মরত নেই। শাহিনুল ইসলাম যে একজন প্রতারক তা পরিস্কার হবার পর মোবাইল ফোনের মাধ্যমে শেরেবাংলা নগর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীকে হেফাজতে নেন। পুলিশ জানায়, আসামী জিজ্ঞাসাবাদে নিজেকে ডিজিএফআই এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয়ের কথা স্বীকার করেছে। তিনি প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মেদের নিকট ২ জন ব্যক্তির চাকরির জন্য তদবির করার বিষয়ে স্বীকার করেন। শেরেবাংলা নগর থানায় মোঃ শাহিনুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

