শরতের আকাশ-নীলের আবাহনে
রূহের ডানায় ভেসে চলে সাদা মেঘ,
প্রণয়-ইশারা ঢেউ খেলে কাশবনে
স্রষ্টার নূর ছুঁয়ে যায়, যেখানে উম্মুখ আত্মার আবেগ।
রোদের নৃত্যে সহসা জাগে ছায়ার মরমি খেলা
দুটি আত্মার সম্মিলন কামনায় শুনি আত্মার সংলাপ
শ্রাবণের স্মৃতিধারা ঝরে প্রজন্মের বৃষ্টিধ্বনি হয়ে
শারদীয় সংগীত, পরমে গেয়ে ওঠে রূহানী আলাপ।
জ্যোতির প্রতিচ্ছবি হয়ে হাসে বহমান নদীজল
দু’চোখ টইটুম্বুর, ইশকী বাসনার অমৃত সরোবর
দিগন্ত ছুঁয়ে যায় মেঘমল্লার, যেন আত্মার আহ্বান
প্রেমিকা ফিসফিসে বলে, “তুমি একান্ত আমার”।
ফুলের সুবাসে মিশে যায় রূহের প্রশ্বাস
স্বপ্নে বিভোর দু’হৃদয়ে বয়ে যায় সুখের ইলহাম
শরৎ স্বরূপে জাগে আত্মার ছন্দ-সুর-গানে
সজল-হাওয়া সহসা বলে ওঠে, “আমি তোমাকে পেলাম”।

