শারদীয় দুর্গাপূজা ২০২৫ নির্বিঘ্নে সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সকল অধিদপ্তর ও সংস্থার প্রায় ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বিক সহযোগিতা প্রদানে মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সারাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম এ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদ্যাপনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একাধিক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। শারমীন এস মুরশিদ প্রেরিত এক বিবৃতিতে বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবাই মিলে ভাগ করে নেওয়ার অধিকার সকল নাগরিকের আছে। নারী ও শিশুর নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। সামাজিক সম্প্রীতির প্রতীক দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে সকল সহায়তা অব্যাহত থাকবে। হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার সবসময় সচেষ্ট। মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অন্যান্য বিভাগের প্রতিনিধিদের সাথে সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূজামণ্ডপে মনিটরিং টিমের কার্যক্রমের সাথে সমন্বয় করে ‘সহায়তা ডেস্ক’ স্থাপন করা হবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে পূজাকে ঘিরে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করা হয়েছে। কোনো নারী বা শিশু পূজা চলাকালীন সংশ্লিষ্ট এলাকায় হয়রানির শিকার হলে, অভিযোগ গ্রহণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর-১০৯৮ এবং ১০৯ এর পাশাপাশি কন্ট্রোলরুমের টেলিফোন নম্বর ০১৮১৮২১১৭৬৩, ০১৯২০৯৫০১৫২, ০১৭৪৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১ চালু থাকবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে স্বল্প আয়ের হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপসমূহে অনুদান প্রদান করা হয়েছে, যাতে তারা পূজা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। পূজা উদ্যাপন পরিষদের মতে, এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার ৩৫৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ১ হাজার ১১৯টি বেশি এবং ঢাকা মহানগরীতে এবার ২৫৮ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

