ঢাকাSaturday , 27 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

পিআইডি
September 27, 2025 5:28 pm
Link Copied!

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন: “শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আমি হিন্দু ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে বিভিন্ন আচার-অনুষ্ঠানাদির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এদেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। উৎসবের এই উপলক্ষ্য পারস্পরিক সহমর্মিতাকে আরো বৃদ্ধি করে, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক; ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরো সুসংহত হোক-এই কামনা করি। শান্তি ও মানবতা সকল ধর্মের শাশ্বত বাণী। ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত হতে পথ দেখায়, অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে, দেখায় মুক্তির পথ। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহমর্মিতা আমাদের সংস্কৃতির অন্তর্নিহিত মূল্যবোধ। আমি বিশ্বাস করি, এই মানবিক গুণাবলি একটি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অনন্য ভূমিকা রাখবে। বিশ্বে মানুষ ও মানবতার জয় হোক-এই প্রত্যাশা করি। শারদীয় দুর্গোৎসব সফল হোক।”