গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা শনিবার (২৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম (৩৭) শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি সহ ৪ জন ফায়ার ফাইটার আহত হন। তাঁর শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। টঙ্গীর কেমিক্যাল কারখানার দুর্ঘটনায় আহত চারজন ফায়ারকর্মীর মধ্যে এ নিয়ে ৩ জন মৃত্যুবরণ করেছেন। গত ২৩ সেপ্টেম্বর ফায়ারফাইটার শামীম আহমেদ ও ২৪ সেপ্টেম্বর ফায়ারফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

