নিজস্ব প্রতিবেদক: ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর ঢাকা ক্যান্টমেন্ট এলাকায় চার বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। শিশুটির নাম মুশকান আক্তার।
গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তার লাশ উদ্ধার হয়। শিশুটির বাবা ইকবাল হোসেন ক্যান্টনমেন্ট এলাকার একজন কম্পিউটার দোকানদার। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার শিয়ানঘাটায়। মায়ের নাম রেশমি আক্তার। এক ভাই এক বোনের মধ্যে মুশকান বড়। ক্যান্টমেন্টের সবুজ ছাতা গলির ৭১৪/১৪/বি বাসায় (সেলিমের বাড়ি) তারা থাকতো।
ক্যান্টনমেন্ট থানা পুলিশের এসআই অহিদুল মিয়া জানান, গতরাত পৌনে ১২টার দিকে পুলিশ খবর পেয়ে বাড়ির অদুরে একটি গর্ত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটির শরীরের কপাল ও গলাসহ বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
নিহতের মামা রুমেল হোসেন রানা বলেন, ‘শুক্রবার সকাল ১১টা থেকে ভাগ্নিকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে বাসার অদুরে একটি গর্তে তাকে মৃত পড়ে থাকতে দেখি। কি কারণে তাকে হত্যা করা হয়েছে জানি না।’
এসআই অহিদুল মিয়া বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর জানা যাবে, কিভাবে শিশুটি মারা গেছে।’

