মিরপুর মডেল থানা পুলিশ অবৈধ অস্ত্র সহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মিরপুর ২ এর ব্লক -ই, রোড নং-০৪, বাসা নং- ০৩ এর সামনে চেকপোস্টে সাব ইন্সপেক্টর আতাউল গনি ওসমানী তার সঙ্গীয় ফোর্স নিয়ে (কিলো-৭১) ডিউটিকালে বৃহস্পতিবার রাতে তুলি জেনারেল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে আরিফ উদ্দিন ও শহীদুল ইসলাম শামীমকে গ্রেফতার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আসামিদের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদেরকে তল্লাশী করার উদ্দেশ্যে দাঁড়াতে বলে। তখন তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময়ই পুলিশ তাদেরকে দৌড়ে ধরে ফেলে। তাদের কাছ থেকে শর্টগান ও কার্তুজ উদ্ধার করা হয়। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন জানান, গ্রেফতারকৃত দু’জনই পেশাদার ছিনতাইকারী। তারা রাতে রোডে ছিনতাই করে বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের অন্য সহযোগীদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

