নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক দুই সেনা অভিযানে কমপক্ষে ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এয়ার কমোডর এহিমেন এজোদামে রয়টার্সকে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাম্বিসা জেলায় বিমান বাহিনী অভিযান চালিয়ে ১৫ জনের বেশি সন্ত্রাসী হত্যা করা হয়েছে। অভিযানে ধ্বংস করা হয়েছে সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা। এয়ার কমোডর কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ না করলেও, সাম্বিসা জেলাটি দীর্ঘদিন ধরে বোকো হারাম ও এর শাখা ইসওয়াপের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে, বোর্নোর গুবিও জেলায় সেনারা একটি ত্রাণবাহী গাড়ি লুটের পরিকল্পনা প্রতিহত করেছেন। সেখানকার বন্দুকযুদ্ধে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা আগেভাগেই অভিযান স্থলে উপস্থিত ছিলেন। ভূগোলিকভাবে পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া বনজ ও খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও গত ১৬ বছর ধরে দেশটি সন্ত্রাসবাদে ভুগছে। প্রধান সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম, যার শাখাগুলো দেশের বিভিন্ন প্রদেশে হত্যা, লুটপাট, ধর্ষণ, বোমা হামলা ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে।নাইজেরিয়ার সেনাবাহিনী জানায়, চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে বোকো হারামকে নির্মূল করতে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে গত আট মাসে কমপক্ষে ৫৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

