ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপিপ্রার্থী আব্দুল কাদের। তিনি ‘সবাইকে রাজু ভাস্কর্যের পাদদেশে’ চলে আসার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট থেকে ডাকসু নির্বাচন স্থগিতের তথ্য গণমাধ্যমে প্রকাশের পরপরই আব্দুল কাদের তার নিজের ফেসবুক আইডিতে দুটি পোস্ট দিয়েছেন। একটিতে ক্ষোভ জানিয়েছেন। আরেকটিতে তিনি শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ করতে অনুরোধ করেন।
প্রথম পোস্টে বাগছাস নেতা ও ভিপিপ্রার্থী আব্দুল কাদের লেখেন, ‘যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আমরা। শিক্ষার্থীদের অধিকার আদায়ের ফয়সালা রাজপথে হবে।
এর ১৩ মিনিট পর দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, ‘ডাকসু চাই আন্দোলন’ সম্মিলিতভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সাড়ে চারটায়, রাজুতে চলে আসুন।’

