রাজধানীর হাজারীবাগ থানা এলাকার মিতালী রোডের একটি বাসা থেকে মোছা. জাকিয়া আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাকিয়া একটি লেদার কারখানার শ্রমিক ছিলেন
সোমবার (০১ সেপ্টেম্বর) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হাই জানান, খবর পেয়ে সকালের দিকে মিতালী রোড ৫/এ একটি বাসার নিচতলা রুমের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, জাকিয়া রাতে তার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং মধ্যরাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জাকিয়ার মা ফরিদা বেগমের সঙ্গে সে ওই বাসায় থাকত। জাকিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করে গ্রামে থাকেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

