বাংলাদেশ ব্যাংক থেকে ২০২৪ সালের সাসটেইনেবল রেটিংয়ের জন্য ক্রেস্ট ও সম্মাননা স্মারক অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০২৪ সালে ব্যাংকিং কার্যক্রমে বিভিন্ন সূচকে সন্তোষজনক অগ্রগতি ও উৎকর্ষতার জন্য এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ ব্যাংক ২০২০ সাল থেকে সাসটেইনেবল ফাইন্যান্স, গ্রিন রিফাইন্যান্স, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর), কোর ব্যাংকিং সাসটেইনেবেলিটি এবং ব্যাংকিং সেবার পরিধি ক্যাটাগরির ওপর ভিত্তি করে এই পুরস্কার দিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের সম্মানজনক স্বীকৃতি অর্জন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করছে ব্যাংকটি।

