অর্থনৈতিক প্রতিবেদক
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘ব্যাংকগুলো মহৎ উদ্দেশ্য এবং সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষাখাতে ব্যয় করছে। তা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে ২০১৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পাঁচশ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের প্রত্যেককে ২০ হাজার টাকা ও এইচএসসি’র প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকগুলো মানুষের উন্নয়নের বড় খাত শিক্ষায় সামাজিক দায়বদ্ধতা বা করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে গরিব মেধাবীরা উপকৃত হচ্ছে। তারা তাদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছে। আর শিক্ষা ছাড়া মানুষ বিকশিত হতে পারে না।’
তিনি বলেন, ‘প্রত্যেক ব্যক্তি সম্পদের কিছু অংশ মানুষের কল্যাণে ব্যয় করার মধ্য দিয়ে সিএসআর কার্যক্রম করতে পারে। হোক সেটি সামান্য।’
এটিকে মানবিক কাজ বলেও উল্লেখ করেন আবুল মাল অব্দুল মুহিত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ আরো অনেকে।

