নোয়াখালী প্রতিনিধি: জেলা শহর মাইজদী হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার রাত সোয়া ১টার দিকে মার্কেটের পশ্চিমের গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে-রফিক ওয়ার্কসপ, বাদল কম্পিউটার, হাজি স্টোর, ঢাকা মেটাল, ঢাকা স্টিল, আরাফাত আর্ট, আরাফাত পেস্টুন অ্যান্ড ব্যানার, আল মদিনা টেইলার্স, ড্রেস কর্নার, নিউ মদিনা টেইলার্স, একটি ওয়ার্ড কাজী অফিস ও বিপ্লব হোন্ডা অ্যান্ড গ্যারেজসহ ১৩টি প্রতিষ্ঠান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মার্কেটের পশ্চিমের গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান দেখে ব্যসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুনে নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে উল্লেখিত দোকনগুলোসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান জিনিসপত্র, কয়েকটি মোটরসাইকেল ও নগদ টাকা পুড়ে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহবুবুল আলম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

