রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জিপিওতে বোমা হামলা করে পালানোর সময় রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক রবিউল ইসলামের বাড়ি নগরীর কাজীহাটা এলাকায়। তিনি একজন বিএনপিকর্মী বলে জানিয়েছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
স্থানীয় লোকজন জানায়, মহানগরীর লক্ষ্মীপুর জিপিও ভবনের সামনে কাঁচের জানালায় বোমা হামলা করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রবিউল ইসলাম। ওই সময় স্থানীয় কয়েকজন তাকে তাড়া করে ধরে ফেলে। পরে রবিউলকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
ওসি মেহেদী হাসান জানান, রবিউল ইসলাম বিএনপি কর্মী। বোমাটি কাঁচের জানালা ভেঙে অফিসের ভেতরে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জনতার পিটুনিতে রবিউল ইসলাম আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পুলিশ পাহাড়ায় চিকিৎসা দেয়া হচ্ছে।

