ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মুনির হত্যা মামলার পলাতক আসামি মো. মমিনুল হক লিটনকে বিদেশি পিস্তলসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের মধুয়াই নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মধুয়াই গ্রামের এবাদুল হকের ছেলে। লিটন বালিগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুয়াই গ্রামে র্যাবের ফেনী ক্যাম্প কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেনের নেতৃতে অভিযান চালিয়ে মোমিনুল হক লিটনকে (৩০) গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭.৬৫ মিলি মিটার ক্ষমতা সম্পন্ন একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়ে।
র্যাবের ফেনী ক্যাম্প কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লিটনকে বুধবার সকালে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত গত ৫ আগস্ট বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রাম থেকে মোস্তাফ মনিরকে মোটরসাইকেলযোগে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা।

