দলের সভাপতি পরিষদ সদস্য এডভোকেট সুব্রত চৌধুরী গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। শনিবার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের ভোটে তিনি ভারপ্রাপ্ত সভাপতি পদে নির্বাচিত হন। এর আগে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে সকাল ১০টায় কেন্দ্রীয় কমিটির সভা শুরু হয়। মতামতের ভিত্তিতে সভাপতি পদে নেতা নির্বাচিত করতে বেলা ১টায় ভোটগ্রহণ শুরু হয়। ভারপ্রাপ্ত সভাপতি পদে সুব্রত চৌধুরী ও এস এম আলতাফ হোসেন প্রতিদ্বন্দ্বীতা করেন। কেন্দ্রীয় কমিটির ১১২ জন নেতা এই ভোটগ্রহণে অংশ নেন। ৬৭ ভোট পেয়ে সুব্রত চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হন। গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩০ নভেম্বর জাতীয় সম্মেলনে মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও মো. মিজানুর রহমানকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়। এতে দলের প্রতিষ্ঠাতা বর্ষীয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি হিসেবে রাখা হয়েছে। ভাঙনের চার বছরের মাথায় এদিন আবার এক হয় গণফোরাম।

