উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের নির্ভরযোগ্য তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির দায়িত্বে থাকা সদস্যরা হলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে দ্বাদশ শ্রেণির মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।
কমিটিকে সরাসরি দুর্ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য যাচাই-বাছাই করে হতাহতদের নাম-ঠিকানা সম্বলিত তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতিবেদন শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য নয়, প্রয়োজনে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, উদ্ধারকারী সংস্থা ও অন্যান্য সহযোগী কর্তৃপক্ষের কাছেও হস্তান্তর করা হবে। কমিটি গঠনের প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে এবং তারা কাজ শুরু করেছে। এদিকে দুর্ঘটনার অন্যান্য দিক, উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সহায়তা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণে আলাদা প্রশাসনিক টিমও মাঠে কাজ করছে বলে জানা গেছে। উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বহু শিশু শিক্ষার্থী হতাহত হয়। ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

