যশোর প্রতিনিধি : ছিনতাইয়ের সময় যশোরে সজল হক (২০) নামে এক চিহ্ণিত ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে দিয়েছে।
রোববার মধ্যরাতে শহরের চাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সজল রেলগেট রায়পাড়া এলাকার ইসমাইল কোলনির মৃত আবদুস সালাম হকের ছেলে। তাকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পুলিশ তার কাছ থেকে অস্ত্র, গুলি ও চাকু উদ্ধার করেছে।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, রাত ১১ টার দিকে আবদুর রহিম নামে এক ব্যক্তি শহরের চাঁচড়া এলাকায় ৪/৫ জন ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাই করার সময় এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে সজলকে ধরে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটকের পর একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করে। পরে মারাত্মক অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় দ্রুত বিচার আইন ও অস্ত্র উদ্ধার ঘটনায় প্রথম দুটি মামলা করেছে। এতে আটক সজলসহ চারজনকে আসামি করা হয়েছে।

