বহুল কাঙ্খিত আইফোন ৬ এর বিক্রি নিয়ে লুকোচুরি শুরু করেছে ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রথমে বলা হয়েছিল ফোনটি ভারতীয় বাজারে আগামী ২৬ সেপ্টেম্বরে পাওয়া যাবে। এর কিছুক্ষণ পরই সেই সময় পরিবর্তন করে লেখা হয় ১৭ অক্টোবর থেকে ভারতীয় আইফোন প্রেমীরা ফোনটি কিনতে পারবেন।
কিন্তু শেষ পর্যন্ত সেই ঘোষণাটিও সরিয়ে ফেলায় ফোনটি কখন হাতে পাওয়া যাবে সে বিষয়ে অন্ধকারেই রয়ে গেলেন ভারতীয় ক্রেতারা। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিবির পক্ষ থেকে অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
অবশ্য অন্য দেশগুলোতে ফোনটির উন্মোচনের সময় অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, হংকং, জাপান, পুয়ের্টো রিকো, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের বাজারে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ফোনটি কেনার সুযোগ পাওয়া যাবে। আর এজন্য ১২ তারিখ থেকেই ক্রেতারা প্রি-অর্ডার করার সুযোগ পাবেন।


