সাঈদ আজমলের নিষেধাজ্ঞায় মহা ফাঁপরে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগেই পিসিবি চাইছে আজমলের বিকল্প খুঁজে বের করতে। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া বোর্ড কর্তারা এরই মাঝে নজর দিয়েছেন বেশ কজনের দিকে। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পরখ করা হচ্ছে শাহজাইব আহমেদ খান এবং জুনাইদ ইলিয়াসকে।
লেগ স্পিনার শাহজাইব এক সময় পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচে তুলে নিয়েছেন ৬১ উইকেট। ১৬টি লিস্ট ‘এ’ম্যাচ খেলে পেয়েছেন ২৩ উইকেট। আর জুনাইদ পাঁচটি প্রথম শ্রেণী এবং ৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট। তার বাবা ইলিয়াস খানও ছিলেন প্রাক্তন ক্রিকেটার।
এরই মাঝে কোচ ওয়াকার ইউনিস এবং মঈন খানকে মুগ্ধ করেছে ইয়াসির শাহ’র লেগ স্পিন। পাকিস্তান টেস্ট দলে তাকেও বিবেচনা করা হতে পারে। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ৭৫টি প্রথম শ্রেণীর ম্যাচে পেয়েছেন ২৭০টি উইকেট। পাকিস্তান ‘এ’ দলের হয়েও তিনি খেলেছেন। আবার ৩৫ বছর বয়সী অভিজ্ঞ জুলফিকার বাবরকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আব্দুর রেহমানের জায়গায় ঢুকে যেতে পারেন এই অভিজ্ঞ স্পিনার।


