গত ১৯ মে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক এবং একটি সাপ্তাহিকে কুরুচিপূর্ণ, ভিত্তিহীন, কাল্পনিক এবং কল্পনাপ্রসূত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর তেজগাঁওস্থ রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অবস্থিত মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত বাবু হাওলাদার। প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে বহু বছর ধরে কাজ করেন তিনি। তিনি প্রতিবাদলিপিতে বলেন, গত রোজার সময় ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান এবং প্রায় ১ মাস সৌদি আরবে অবস্থান করেন। দেশে ফিরে তিনি অসুস্থ হয়ে যান এবং আরও ১৫ দিন বাসায় ছুটি কাটিয়ে অফিসে যোগদান করেন। ঠিক এর কিছুদিন পরেই তার বিরুদ্ধে যে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে তা কাল্পনিক ও বানোয়াট বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, তার বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত সংবাদটি কোনভাবেই সত্য নয়। তিনি বলেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল সাংবাদিককে মিথ্যা তথ্য ও উপাত্ত দিয়ে মনগড়া সংবাদটি প্রকাশ করিয়েছেন।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে কারও কোন অভিযোগ নেই। এরপরও অসৎ উদ্দেশ্যে তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল একের পর এক মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ পরিবেশন করে চলছেন। তিনি মনে করেন, একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদগুলো পরিবেশন করা হচ্ছে। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি মানসিক চাপে ভুগছেন বলে দাবি করেন। তিনি উক্ত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

