ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদ পান করে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের অমৃতসরের পাঁচটি গ্রামে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভেজাল মদ পানে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের শারীরিক অবস্থা জটিল। বিষাক্ত মদ পানে মৃত্যুর এসব ঘটনা ঘটেছে অমৃতসরের ভাংগালি, পাতালপুরি, মারারি কালাঁ, থেরেওয়াল এবং তালওয়ান্দি ঘুমান—এই পাঁচটি গ্রামে। অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহানি জানান, মৃতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে এবং জেলা পুলিশ সুপার মানিন্দর সিং ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম তদারকি করছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে প্রধান অভিযুক্ত প্রভজিত সিং এবং বাকি চারজন হলেন কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং ও নিন্দর কৌর। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

