ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে ইতোমধ্যে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ বেশ কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলার কঠিন জবাব দিতে উঠেপড়ে লেগেছে পাকিস্তানও। প্রতিশোধের নেশায় রীতিমতো ফুঁসছে তারা। এরই মধ্যে ভারতকে কঠিন জবাব দিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় নিরাপত্তা কমিটির কাছ থেকে অনুমতিও পেয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতকে তার হামলার চরম মূল্য দিতে হবে বলে হুঙ্কার ছেড়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ অবস্থায় ভারতের কোথায় এবং কোন স্থাপনাগুলো লক্ষ্য করে পাকিস্তান হামলা চালাবে তা স্পষ্ট করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে। খবর বিবিসির। পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ভারত কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করেছে, অন্তত রাডারের ওপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলোয় হামলা চালানো যায়।তিনি আরও বলেন যে আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। ভারতকে হুঁশিয়ার বার্তা দিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা এর জন্য প্রস্তুত, এর চরম মূল্য দিতে হবে। ভারত যা করছে তা আমরা সহ্য করব না, বরং তার জবাব দেবো। খাজা আসিফ বলেন, দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংকট এখনও শেষ হয়নি। তিনি বলেন, ভারত যদি কোনও কারণ বা প্রমাণ ছাড়াই পদক্ষেপ নিতে পারে, তাহলে আমরাও জবাব দেবো। পাকিস্তানকে এর জবাব দিতে হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমরা যদি এখন ভারতকে জবাব দেই, তাহলে আমাদের কাছে এর যুক্তিসঙ্গত যুক্তি আছে, কিন্তু আমরা ভারতে বেসামরিক নাগরিকদের টার্গেট করব না। খাজা মোহাম্মদ আসিফ জানান, কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই পাল্টা আঘাত হানবে পাকিস্তান।

