নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহসহ ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা দ্রুত বিচার আইনের দুইটি মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২ এপ্রিল ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার কোন সাক্ষি আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকা জেলার দ্রুত বিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক আফরোজা শিউলি এই তারিখ ধার্য করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের অবরোধে সাভার থানাধীন আমিন বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিবন্ধক দিয়ে যানবহন চলাচলে বাধা, ভাঙচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে আসামিগদের বিরুদ্ধে মামলা দুইটি করে পুলিশ।
মামলাগুলোর মধ্যে একটিতে ২০১২ সালের ২৩ ডিসেম্বর আমানউল্লাহ আমানসহ ৬৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। অপর মামলায় ২৪ জনের বিরুদ্ধে একই বছরের ২৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কফিল উদ্দিন ও শাহজাহান ব্যাপারী।
মামলা দুইটিতে ২০১২ সালের ১৩ ডিসেম্বর আমান হাইকোর্টে আত্মসমর্পণ করলে তার এক মাসের জামিন মঞ্জুর করা হয়। হাইকোর্টের জামিনের মেয়াদের পরের বছর ১৭ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন মঞ্জুর করেন।
এ মামলায় গত ১৮ ফেব্রুয়ারি ২৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০ লাখ টাকা চাঁদাবাজির একটি মামলায় আমানউল্লাহ আমানের ২০০৮ সালের ৮ মে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেয় ঢাকার ৬ষ্ঠ জেলা ও দায়রা জজ আদালত।

