শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে সাত পয়েন্টের ব্যবধান বাড়ালো কাতালান জায়ান্টরা। এদিন সাত মাস পর ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা বার্সা কিপার স্টেগেনকে শুরুতেই পরীক্ষা ফেলে স্বাগতিকরা। ম্যাচের ৬ মিনিটেই ভায়াদোলিদকে লিড এনে দেন রাউল। গোল শোধে মরিয়া হয়ে উঠলেও বার্সার আক্রমণগুলো প্রতিহত হচ্ছিল ভায়াদোলিদের রক্ষণে। শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে বাড়ে বার্সার আক্রমণের ধার। ম্যাচের ৫৪ মিনিটে বার্সাকে সমতায় ফেরান রাফিনিয়া। এর ছয় মিনিট পর চমৎকার গোলে দলকে এগিয়ে নেন লোপেস। এরপর আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিকের দল। উল্লেখ্য, ৩৪ ম্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

