সিলেটে প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হারের পর এবার দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগারদের সিরিজ বাঁচানোর এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কেননা ড্র করলেও ১-০ ব্যবধানে সিরিজ জিতে যাবে সফরকারীরা। এমন ম্যাচে দিনের শুরুটা জিম্বাবুয়ের পক্ষে গেলেও শেষদিকে তাইজুল ইসলামের ফাইফারে ভালোভাবেই কামব্যাক করেছে শান্তবাহিনী।
সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠেয় এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে ৯০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানে দিন শেষ করেছে ক্রেইগ এরভিনের দল।
এদিন টাইগারদের হয়ে অভিষেক হয় তরুণ পেসার তানজিম সাকিবের। তার হাত ধরেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের দলীয় ৪১ রানে ব্রায়ান বেনেট এবং দলীয় ৭২ রানে বেন কারান সমান ২১ রান করে সাজঘরে ফেরেন। তবে এরপর নিক ওয়েলচকে নিয়ে ৯০ রানের বড় জুটি বেধে টাইগার বোলারদের শঙ্কায় ফেলে দেন অভিজ্ঞ শন উইলিয়ামস।
তবে নিক ওয়েলচ ব্যাক্তিগত ৫৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে গেলে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। শন উইলিয়ামসকে দলীয় ১৭৪ রান এবং ব্যাক্তিগত ৬৭ রানের মাথায় তানজিম সাকিবের হাতে ক্যাচ পাঠাতে বাধ্য করেন স্পিনার নাঈম হাসান। এরপর জিম্বাবুয়ের অধিনায়ক এরভিনকেও দ্রুত ফেরান নাইম। তার বিদায়ের পর বাকিরা ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি।
শেষপর্যন্ত তাইজুল ইসলামের ‘ফাইফারে’ জিম্বাবুয়েকে বড় রানের আগেই আটকানোর সম্ভাবনা প্রবল হয়েছে বাংলাদেশের। বাকি বোলারদের মধ্যে নাঈম হাসান ২টি এবং অভিষিক্ত সাকিব ১টি উইকেট নেন। অন্যটি রানআউট ছিল। আগামীকাল এক উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামবে জিম্বাবুয়ে।

