আগের দিন কি দারুণ ব্যাট করছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চতুর্থ দিনের শুরুতেই তিনি সাজঘরে ফিরলে আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। অপর জাকের আলী ছোট কয়েকটা জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে দেন। এর মাঝে মাত্র ১১ রান করে তাকে সঙ্গ দেন মিরাজ। এরপর হাসান মাহমুদ ৫৮ বল খেলে ১২ রান করে জাকেরকে যোগ্য সঙ্গ দেন। শেষপর্যন্ত ২৫৫ রানে গুটিয়ে গেলে ১৭৩ রানের লিড পায় বাংলাদেশ। বুধবার (২৩ এপ্রিল) পূর্ব নির্ধারিত সময় অনুসারে সকাল ৯টা ৪৫ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে আগে মাঠে প্রস্তুত করা সম্ভব হয়নি। তাই ১১টায় মাঠে নামে দুই দল। চতুর্থ দিনের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় বলে শান্তকে সাজঘরের পথ দেখান ব্লেসিং মুজারাবানি। ১০৪ বলে ৬০ রান করেন তিনি। এরপর জাকের আলীকে সঙ্গ দিতে পিচে আসেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। ১৫ বলে ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকার হন এই ডান হাতি ব্যাটার। টাইগার শিবিরে শেষ আঘাত হেনে শেষপর্যন্ত মুজারাবানি ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়ের বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেন। এর আগে, আলোক স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছিল সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা। শান্ত ও জাকেরের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ।

