দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে সফরকারী জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম ইনিংসে ৬১ ওভারে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে টাইগাররা। একমাত্র হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল হক। রবিবার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন ব্যাটিংয়ে প্রথম সেশনেই বাংলাদেশ হারিয়ে ফেলে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (১৪) ও সাদমান ইসলামকে (১২)। ৩য় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও ওয়ান ডাউনে নামা মুমিনুল হক। শান্ত ৬৯ বলে ৪০ ও মুমিনুল ১০৫ বলে ৫৬ রান করে বিদায় নিলে আবার খেই হারায় দল। দলের পক্ষে সর্বোচ্চ রান করা মুমিনুল হাঁকিয়েছেন একমাত্র অর্ধশতক।
দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম ৪ রানে এবং মেহেদী মিরাজ ১ রানে আউট হয়েছেন। শেষদিকে জাকের আলী অনিকের ২৮ ও হাসান মাহমুদের ১৯ রান লজ্জাই এড়িয়েছে যতটা সম্ভব। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা যেতে পারেননি দুই অঙ্কে।
জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা তিনটি করে এবং ভিক্টর নুচি ও ওয়েসলি মাধেভেরে দুটি করে উইকেট শিকার করেন।

