বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পর এক রানের ব্যবধানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শুরুর সেই ধাক্কা সামাল দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে তারা উইকেট আগলে রাখেন। সিলেটে অনুষ্ঠেয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে বিরতিতে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান। উইকেটে মুমিনুল ব্যাট করছেন ৪৬ বলে ২১ রানে। অন্যদিকে টাইগার অধিনায়ক শান্ত বেশ অ্যাটাকিংয়ে থেকে ৪৩ বলে ৩০ রানে অপরাজিত আছেন। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শুরুর স্বস্তি ম্লান করে সাজঘরের পথে হাঁটা দিয়েছেন দুজনেই। দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। এদিন, দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ভিক্টর নুচির বলে ড্রাইভ খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাদমান। আউট হয়েছেন ১২ রানে। এরপর মাঝে এক ওভার বিরতি দিয়ে আবারও বোলিংয়ে এসে আঘাত হানেন নুচি। সাজঘরে ফেরান অপর ওপেনার জয়কে। এই ব্যাটার সাজঘরে ফেরেন ১৪ রান করে।

