ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি সমাগত। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দু’বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই থেকে গেছে। এবার সেই অপূর্ণতা ঘোচাতে চান দলটির অধিনায়ক গৌতম গম্ভীর।
এজন্য চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ থেকেই নাইট রাইডার্সকে ছন্দে দেখতে চাইছেন অধিনায়ক। তিনি বলেন, ‘সবসময় আমরা জেতার জন্যই মাঠে নামি। এবারও তাই হবে। কোনো টুর্নামেন্টের আগে ফাইনাল নিয়ে ভাবা উচিৎ নয়। সত্যি কথা বলতে অবচেতন মনে ফাইনালের ভাবনাটা এসেই যায়। এটাকে সরিয়ে আমাদের প্রথম ম্যাচ চেন্নাইকে নিয়ে ভাবতে হবে। আমরা জয় দিয়ে শুরু করতে চাই। এর বেশি কিছু এখন ভাবছি না।’
গম্ভীর চাইছেন চ্যাম্পিয়ন্স লিগ চলার সময় নাইটদের সবাই হাসিখুশি থাকুক। নাইট অধিনায়ক বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স সুখী ড্রেসিংরুমে বিশ্বাসী। চার বছর আগে প্রথম যেবার দলের দায়িত্ব নেই সবাইকে বলে দিয়েছিলাম নাইট রাইডার্স প্রথম দল থেকে কাউকে বাদ দেবে না। ম্যাচ জেতার জন্য যাদের বেশি উপযুক্ত মনে হবে তারাই একাদশে ঠাঁই পাবে।’
সপ্তম আইপিএলে নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে পাচ্ছে না গম্ভীরের দল। এ সময় তিনি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে ব্যস্ত থাকবেন দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে।


