এমনকি গেল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফুটবলের সবচেয়ে সম্মানজনক ট্রফিটি উপহার দিতে না পারলেও খেলাটির অন্যতম একজন কিংবদন্তি নাকি বার্সেলোনার প্রাণ ভোমরা- এমন কথা বলছেন পেলে।
ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবলযজ্ঞে টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন। কিন্তু মারাকানার ফাইনালে স্বপ্নভঙ্গ হয় আলবেসেলেস্তিদের।
কারণ তীব্র প্রতিদ্বন্দ্বীতার সেই ফাইনালে শেষ পর্যন্ত সংযোজিত সময়ের গোলে ১-০ ব্যবধানে হারে মেসির দল। আর সোনার ট্রফিটা নিয়ে যায় ফিলিপ লাম বাহিনী।
তবে ইতিহাসের এই চক্রবাকে খুব হতাশ নন পেলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবলের রাজা বলেন, ‘অবশ্যই মেসির এখনো একটি বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে।’
তিনি আরো বলেন, ‘মেসি দারুণ পরিপূর্ণ একজন খেলোয়াড়। আর তার শারীরিক অবস্থাটাও চমৎকার। সুতরাং আমি নিঃসন্দেহ যে লিও রাশিয়ায় গিয়ে আলো ছড়াবে।’
সাম্প্রতিক সময়ে মেসির সমালোচনা নিয়ে পেলের ভাষ্য, ‘ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল হার মেসিকে ইতিহাস থেকে ধূলিসাৎ করতে পারবে না। কারণ সে ইতিমধ্যেই খেলাটির একজন কিংবদন্তি।’
প্রসঙ্গত, ফুটবলের ক্ষুদে যাদুকর মেসি আর্জেন্টিনার জার্সিতে ৯২টি ম্যাচ খেলে ৪২ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। সূত্র: গোলডটকম।


