থাইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশ। যার শুরুটা হয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি এবং শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের ইনিংসের মাধ্যমে এবং শেষ হয় ১০ উইকেট নেওয়া ফাহিমা-জান্নাতুলের বোলিং ঘূর্ণিতে। বলে-ব্যাটে এই চমৎকার পারফরম্যান্সের পর থাই নারীদের ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারায় বাঘিনীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান থাই অধিনায়ক নারুয়েমল চাওয়াই। শুরুতে ব্যাট করতে নেমে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি গড়েছিল বাংলাদেশ। কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই হয়েছিল থাই মেয়েদের। ৮ ওভারে ৩৮ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু নবম অভারে বল হাতে তুলে নিয়েই ভেলকি দেখান ফাহিমা। ২৬ বলে ২২ রান করা চানিদা সুত্তিরুয়াংকে বোল্ড করেন ফাহিমা। এরপরেই মড়ক লাগে থাইল্যান্ডের ইনিংসে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাই মেয়েরা। ফাহিমা প্রথম দুই উইকেট শিকারের পর তার সঙ্গে যোগ দেন জান্নাতুল। দুজন মিলেই ১০ উইকেট ভাগাভাগি করে নেন। সুত্তিরুয়াং ছাড়া আর মাত্র দুজন থাই ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। ওপেনার নাত্তায়া বুচাথাম ৩৬ বলে ১৭ এবং অধিনায়ক নারুয়েমোল চাইওয়াই ২৩ বলে ১৫ রান করেন। জান্নাতুল ৫ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এর মধ্যে প্রথম ৪ ওভারের ৩টিই মেডেন দিয়ে ১ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। পঞ্চম ওভারে দেন ৬ রান। ফাহিমা ৮.৫ ওভারে ২১ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন। এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের দেখা পায়। শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় ১৫ রানে ইসমা তানজিম বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে ফারজানা হক পিংকিং ও শারমিন আক্তার সুপ্তা মিলে ১০৪ রানের দারুণ একটি জুটিতে ভালো স্কোরের মঞ্চ গড়েন। কিছুটা স্লো ব্যাটিং করে ৮২ বলে ৫৩ রান করে আউট হন ফারজানা। ফারজানা আউটের পর থেকেই বাংলাদেশের রানের গতি বাড়ে। নিগার সুলতানা জ্যোতি ও শারমিন সুপ্তা মিলে ১৫২ রানের জুটি গড়ে দলের স্কোর নিয়ে যান ২৭১ রানে। শেষ বলে আউট হন জ্যোতি। তার আগে অবশ্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন তিনি। সতীর্থ সুপ্তা অবশ্য আরও একবার সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। সুপ্তা নিজেকে হতভাগা ভাবতেই পারেন। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেও সেটা নামের পাশে যুক্ত হয়নি। এরপর গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হয়েছিলেন। এবার বিশ্বকাপ বাছাই পর্বে ৯৪ রানে অপরাজিত থেকে আক্ষেপটা আরও বাড়ালেন। শেষ দুই বলে ৭ রান প্রয়োজন ছিল সুপ্তার। পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্তে চলে যান। পরে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। সবমিলিয়ে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের বড় ব্যবধানে জয়ের রেকর্ড এটাই। এর আগে আইরিশ মেয়েদের বিপক্ষে ১৫৪ রান ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের। চলতি বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আট দলের মধ্যে ৬টি দল চূড়ান্ত হলেও দুটি দল বাছাই পর্ব থেকে যাবে। বুধবার থেকে পাকিস্তানে শুরু হয়েছে ৬ দলের বাছাইপর্ব।

