গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রবিন সরকার নামে এক বিকাশকর্মী নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
রোববার দুপুর দেড়টার দিকে বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রবিন সরকার টাঙ্গাইলের আউসনারা গ্রামের রজব আলী সরকারের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে বোর্ড বাজার এলাকায় বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা উত্তোলন করে জয়দেবপুরের ছায়াবিথীর নিজ কার্যালয় কানেক্ট ডিস্ট্রিবিউশনে ফিরছিলেন রবিন। এসময় ৩-৪জন যুবক তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। রবিন তাদের বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে বিকাশের ১লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ও এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনা নিশ্চিত জানান, ছিনতাইকারীরা বিকাশ কর্মীকে খুন করে ১ লাখ ৭৫ হাজার টাকা লুট করে পালিয়েছে। তাদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
তবে ছিনতাইকারীরা রবিনকে খুন করে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করছেন কানেক্ট ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কানেক্ট ডিস্ট্রিবিউশনের স্বত্ত্বাধিকারী খন্দকার এরশাদ জাহান জানান, রবিন ছায়াবিথী এলাকায় মেসে ভাড়া থেকে বিকাশের কর্মী হিসেবে বিভিন্ন দোকান থেকে টাকা উত্তোলন করতেন। দিনে দুপুরে ছিনতাইকারীরা তার ওপর হামলে পড়ে ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা তেমন নেই বলে ক্ষোভ প্রকাশ করে খন্দকার এরশাদ জাহান বলেন, গত ৬ মাসে আমাদের কার্যালয়ের বিকাশ কর্মীদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এরই মধ্যে ছিনতাইকারীদের হামলায় মারা গেছেন আমাদের দু’জন কর্মী। এসব ঘটনায় থানায় চারটি মামলা দায়ের করলেও রহস্যজনক কারণে দায়ীদের বিচার হচ্ছে না। এ অবস্থায় আমাদের ব্যবসা টিকিয়ে রাখাই এখন দায় হয়ে পড়েছে।

