ইংল্যান্ডে বসেই শুনেছিলেন নির্বাচিত হওয়ার কথা। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝে একবার কলকাতায় এসে সৌরভ গাঙ্গুলী সংবর্ধনায় সিক্ত হয়ে আবার ফিরে গেছেন ইংল্যান্ডে ধারাভাষ্যের কাজে। পুরো সিরিজ শেষ করে ফিরেছেন ‘দাদা’। আর এসেই কাজে নেমে পড়লনে। বুধবার ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) যুগ্মসচিব দফায় দফায় কর্মকর্তাদের নিয়ে সভা করলেন সৌরভ।
এদিন শুরুতেই প্রাক্তন ভারত অধিনায়ক ছুটে যান ইনডোরে। সেখানে অনুশীলন করছিল বাংলার ক্রিকেট দল। তাদের খোঁজখবর নিলেন। শুনলেন তাদের অসুবিধার কথাও। নতুন এই ক্রিকেট প্রশাসক আশ্বাসও দিলেন অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, মোহাম্মদ সামিদের ফের সাফল্যের রাস্তায় তুলে আনতে যা যা করা প্রয়োজন তার সবাই করা হবে। এরপর পর্যায়ক্রমে কিউরেটর প্রবীর মুখার্জি এবং বাংলার নির্বাচক কমিটির প্রধান দীপ দাশগুপ্তের সঙ্গেও কথা বলেন সৌরভ। ‘ দেখুন অনেক কিছু করার ইচ্ছা আছে। সবকিছু বুঝে শুনে করতে হবে। ক্রিকেটারদের সুবিধা দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
টেস্ট সিরিজে ভারতের দুর্দশার কারণও ব্যাখা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক,‘ আগেই বলেছিলাম টেস্টে সফল হতে হলে ব্যাটসম্যানদের রান করতে হবে। অন্তত ৪০০-৪৫০ রান করতে হবে। তবেই টেস্টে সফল হওয়া যায়।’এদিন ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নিয়েও তার ভাবনার কথা জানান সৌরভ,‘ দল এখন স্পেনে। আমাদের কলকাতায়ও একটা সেট আপ আছে। এখনও সেখানে যেতে পারিনি। বাকিরা এর দেখাশোনা করছেন। দ্রুত সেখানে গিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।’ অ্যাটলেটিকো ডি কলকাতার অন্যতম মালিকও দাদা। তার দলেই খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম।


