আসন্ন পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) খেলার অনুমতিপত্র পেয়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার লিটন কুমার দাস, রিশাদ হোসেন ও নাহিদ হাসান। তবে লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পেলেও টুর্নামেন্টের শুরুতে যেতে পারছেন না পেসার নাহিদ।
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের দশম আসরের। যেখানে করাচি কিংসের হয়ে লিটন, পেশোয়ার জালমির হয়ে নাহিদ আর লাহোর কালান্দার্সের হয়ে লড়বেন রিশাদ। তবে পিএসএলের চারদিন বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাশের সাথে তাদের সিরিজ শুরু হবে ২০ এপ্রিল ও শেষ হবে ২ মে। এই কারণেই মূলত লিটন ও নাহিদের ছাড়পত্র পাওয়া নিয়ে ছিল সংশয়। সামাজিক মাধ্যমে তো ছড়িয়েই পড়েছে, টেস্ট সিরিজে খেলার জন্য পিএসএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হবে না লিটনদের। তবে জানা গেছে, তিনজনকেই খেলার অনুমতি দিয়েছে বিসিবি। রিশাদ বাংলাদেশের টেস্ট সেটআপের মধ্যে নেই। অন্যদিকে এ সিরিজে ছুটি দেয়া হয়েছে লিটনকে। যার কারণে পিএসএলের শুরু থেকে খেলতে পারবেন তারা দুজন। তবে পুরোপুরি ছুটি না পাওয়ায় নাহিদের একটু দেরিতে যোগ দেবেন। সিরিজের প্রথম টেস্ট খেলে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২৬ এপ্রিল পিএসএলের অভিষেক হতে পারে নাহিদের। তবে এর মধ্যে পেশোয়ার খেলে ফেলবে তাদের পাঁচটি ম্যাচ। এরপর বাকি ম্যাচগুলোতে খেলতে পারেন নাহিদ। এমনকি তার দল দ্বিতীয় পর্বে জায়গা করে নিলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে নাহিদের। আগামী ১৮ মে পর্দা নামবে পিএসএলের।

