টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকচাপায় মনিরুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার উপজেলার আটিয়া ইউনিয়নে দেলদুয়ার-ছিলিমপুর পাকা সড়কের কান্দাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
মনিরুল ডা.এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও কান্দাপাড়া গ্রামের কৃষক মোতালেব মিয়ার বড় ছেলে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সকাল সাড়ে ৯টায় মনিরুল বাইসাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। বের হওয়ার পর বাড়ির সামনে সড়কে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মারাত্মক আহতাবস্থায় প্রথমে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
মনিরুলের মৃত্যুতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। বিক্ষুব্ধ ছাত্ররা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে।
আটিয়া ইউপি চেয়ারম্যান বাবুলউজ্জামান মোল্লা বলেন, ‘ট্রাক ও অবৈধ ট্রাক্টর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এ সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এর আগেও এখানে দু’জন মারা গেছে। বারবার নিষেধ করা সত্ত্বেও ক্ষমতার দাপটে তারা নিষেধের তোয়াক্কা করে না।

