পাবনা প্রতিনিধি: ঈশ্বরদী পৌর শহরের ভাঙাচোরা একটি সড়ক সংস্কারের দাবিতে কলাগাছ লাগিয়ে ও ধান রোপন করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
সোমবার সকাল ১০টার দিকে ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ ‘টিপু সুলতান সড়ক’ সংস্কারের দাবিতে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।
এ সময় ওই সড়কে প্রায় ১ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে কলাগাছ ও ধানের চারা রোপন করে প্রতিবাদ জানান।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন, সাবেক পৌর কমিশনার ফখরুল ইসলাম মনির, সূর্য সংঘের সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, সিপিবি নেতা কমরেড রফিকুল ইসলাম, সাংবাদিক সেলিম সরদারসহ অনেকে।
খবর পেয়ে ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র ও ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে আগামী দশদিনের মধ্যে সড়কটি সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

