কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘লালনকে সমৃদ্ধ করতে হলে লালনকে জানতে হবে, চিনতে হবে। লালনের গান ও বাণীই পারে এই সমাজকে সুন্দর করতে।’
রোববার রাতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহয়ের স্মরণোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হানিফ বলেন, ‘দেশের এই বর্তমান পরিস্থিতিতে বাউল সম্রাট লালন শাহ এর কথা মনে পড়ছে। মানুষ মানুষের জন্য সেটি কেবল লালনই দেখিয়ে দিয়ে গেছেন সবার মাঝে। আর তাই আজকের এই হানাহানির দিনে লালনকে বড়ই প্রয়োজন। লালন কোনো জাতপাত বোঝে না। আর তাই আসুন আমরা সবাই এক হয়ে লালন দর্শন মেনে নিয়ে তার দেখানো পথ অনুসরণ করি।’
হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া কোনো কারণ ছাড়াই যে অবরোধ-হরতালের ডাক দিয়েছে তাতে করে সাধারণ মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন দায়িত্বহীন কর্মকাণ্ড দ্রুত বন্ধ করার আহ্বান জানান।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘দেশে এখন হরতাল কিংবা অবরোধ বলে কিছু নেই। দেশ পুরোপুরি স্বাভাবিকভাবে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেট্রোলবোমা হামলা প্রতিরোধ করে যাচ্ছে। যার কারণে এখন পেট্রোলবোমা হামলা অনেকটাই কমে গেছে।’
খালেদা জিয়াকে গ্রেপ্তারের ব্যাপারে হানিফ বলেন, ‘তিনি একটি দলের প্রধান হওয়ার কারণে উচ্চ আদালত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হবে।’
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘এই লালন একাডেমিতে লালন ভক্ত, বাউল, সাধক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে গবেষকসহ অসংখ্য পর্যটক আসে। তাদের জন্য লালন একাডেমি চত্বরে অতিথিশালা নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আশা করি আগামী বছর এই স্মরণোৎসব অনুষ্ঠানের আগেই করা সম্ভব হবে। এছাড়াও লালন অনুসারী ভক্ত ও সাধারণ মানুষদের জন্য এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও লালন একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন শাহের ৫ দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী দিনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘ছেঁউড়িয়ার লালন একাডেমিতে অনেক গবেষকরা আসে তাকে নিয়ে গবেষণা করতে। তাই এখানে গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনার ব্যবস্থা করা হবে। যাতে করে গবেষণার মধ্য দিয়ে লালনকে আরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া যায়।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবীবুর রহমান সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক হাসান মেহেদী, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও কোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, লালন একাডেমির সাবেক সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন, লালন একাডেমির ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম হক।
অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের কুষ্টিয়া লালন একাডেমির পক্ষ থেকে ফুলের তোড়া, ক্রেস্ট ও আত্মসুদ্ধির প্রতীক একতারা উপহার দিয়ে বরণ করে নেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা, লালন একাডেমির স্থানীয় শিল্পীরাসহ বিভিন্ন শিল্পি ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে লালন মঞ্চে লালন সঙ্গীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত চলে এই সঙ্গীত পরিবেশনা।
উল্লেখ্য, ফকির লালন শাহ তার জীবদ্দশায় এই দোল পূর্ণিমাতে বাউল, সাধু ও ভক্তদের নিয়ে স্মরণোৎসব পালন করতো। সেই রীতিনীতি অনুযায়ী এখনো তার ভক্তরা এ উৎসব পালন করে থাকে।

