ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ফরাজী ঘোনায় রাতের আঁধারে লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। একই সময় পানি ঢুকিয়ে লবন উৎপাদনের বেড ডুবিয়ে দেয় তারা। এতে উৎপাদিত লবণ গলে যায়। শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারী ) ভোর রাতে সংগঠিত এ ঘটনায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লবণ মাঠের মালিক জাফর উল্লাহ ফরাজী বলেন, ৮/১০ জনের গ্রুপ লবন মাঠে হামলা করে। এসময় তারা চার একর লবণ মাঠের শতাধিক প্রোডাকশন বেডে বিছানো পলিথিন কেটে ফেলে ও লবণ মাঠের বাঁধ কেটে দেয়। এতে কাঁচা পানি ঢুকে লবণ মাঠ চাষের অনুপযোগী হয়ে যায়। পলিথিন শিট নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্থ লবণ মাঠের বর্গাচাষী ছাবের আহমদ বলেন, চলতি উৎপাদন মৌসূমে এসব মাঠে লবণ উৎপাদন সম্ভব হবে না। ঈদগাঁও থানার পুলিশ উপ পরিদর্শক আরকানুল ইসলাম বলেন, জামিন নিয়ে এসে তারা ফের অনুরূপ ঘটনা ঘটিয়েছে। আদালতের নির্দেশনা পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

