যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়াকে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, বুধবার স্থানীয় বিএনপি’র পক্ষ থেকে চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তোর অপরসারনের জন্য ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিলে চেয়ারম্যানের পক্ষের লোকজন তালা ভেঙ্গে ফেলে দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আর্মি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের কেশবপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়লে ইউপি মেম্বার সবুরসহ প্রায় ২০জন আহত হয়। আহতদের মধ্যে চেয়ারম্যানের ভাই মোজাহিদুল ইসলাম পান্না, আজাহারুল ইসলাম মানিক, গোলাম মোস্তফা, রনি, নাঈম হোসেন, রকি, আকাশ, সাগর, ইউনূচ হোসাইন ও আবু সাঈদকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। এ বিষয়ে চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, কিছু সন্ত্রাসী লোক পরিষদে তালা ঝুলিয়ে দিলে এলাকাবাসী সে তালা ভেঙ্গে ফেলে। এ সময় তারা এলাকাবাসীর উপর হামলা করে মারপিট করে। বিএনপির ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন বলেন, চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম ৫ আগস্টের পরে ওই পরিষদে বসে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপাততপরতায় লিপ্ত রয়েছেন। বিভিন্ন সময় তিনি বিএনপিসহ এই সরকারের নামে বিভিন্ন কথাবার্তা বলেন। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ছিল সে কারণেই ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন। ওই তালা চেয়ারম্যান পক্ষের লোকজন ভেঙে ফেলতে গেলে তাদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

