মুন্সীগঞ্জে নিখোঁজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম লিখনের সন্ধান ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে কামারখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা নিখোঁজ সাইফুল ইসলামের সন্ধান পেতে পুলিশ প্রশাসনসহ আইন শৃংখলার সকল বাহিনীর প্রতি সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে নিখোঁজ সাইফুল ইসলাম লিখনের ভাই বাবু হাওলাদার বলেন, আমার ভাই সাইফুল ইসলাম লিখন গত ৬ ফেব্রুয়ারি সকালে ঢাকা ওয়ারীর বাসা থেকে মুন্সীগঞ্জ সদরে বন্ধুর বাড়ীতে দেখা করতে আসে। আসার সময় আমার ভাই সদরের ইসলামপুর এলাকায় বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের সাথে দেখা করবে বলে আসে। ঐ দিন রাত ১১ টার দিকে আমার ভাইয়ের মোবাইলে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে খোঁজাখুঁজি করে না পেয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করি। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নিখোঁজ সাইফুল ইসলামের বাবা দুলাল হাওলাদার, আমেনা আক্তার মিতু, মিঠু হাওলাদার, ইকবাল হালদার, অপু হালদার, রাসেল হালদার, সুমন হাওলাদার, ফাতেমা বেগম, শহিদ হাওলাদার ও রাজিব হাওলাদারসহ আরো অনেকে।

