সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে গোটা দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জয়পুরহাটের ক্ষেতলালে শেখ হাসিনার বিচারের দাবীতে মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ী চৌমুহনী বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট ২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্বাস আলীর আয়োজনে একটি ঝটিকা মিছিল করা হয়। মিছিল শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফখরুজ্জামান চৌধুরী রুমী, বিএনপি নেতা আমীর হামজাসহ স্থানীয়রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্বাস আলী বলেন, বিদেশের মাটিতে বসে স্বৈরাচারী খুনি হাসিনা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে যাচ্ছে। আমি তাকে অনতিবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের দাবি জানাই।

