গাইবান্ধার সাঘাটা উপজেলার আ’লীগ নেতা, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনগণ। সোমবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন সাঘাটা উপজেলাবাসীর ব্যানারে বিক্ষুব্ধ জনগণ। এ সময় অভিযুক্ত ওই ইউনিয়ন আ’লীগ সভাপতি মোশারফ হোসেন সুইট ও তার ছোট ভাই সুজাউদ্দৌলা সুজা এবং সহযোগীদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। এতে বক্তব্য দেন, সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আলমগীর হোসেন, ইউপি সদস্য গোলাম ব্যাপারি, সাবেক ইউপি সদস্য সফর আলী, জাহিদ হোসেন, জুয়েল রানা, সোহাগ মিয়াসহ অনেকেই। বক্তরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী দিয়ে ঢাকা ও গাইবান্ধায় ছাত্রদের ওপর হামলায় জড়িত ছিলেন সাঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট ও ভাই সুজাউদদৌলা সুজাসহ তার পালিত সন্ত্রাসীরা। গণ অভ্যুত্থানের পর তারা পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর হামলা করে এতে নিজেদের হামলার নিহত হয় তাদের দুই ভাড়াটিয়া সন্ত্রাসী। পরে এ হত্যাকান্ড ভিন্নভাবে প্রবাহিত করতে সেনা সদস্য ও স্থানীয় জামায়াত বিএনপির নেতাকর্মীকে আসামী করে মামলা করেন। শেষে মোশাররফ হোসেন সুইট ও তার ভাই সুজাউদ্দৌলা সুজা এবং সন্ত্রাসী বাহিনীকে অবিলম্বে গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচারের জন্য গাইবান্ধা জেলা প্রশাসক, সেনা বাহিনী ও প্রধান উপদেষ্ট বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

