মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগের ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি ভেঙ্গে পুনরায় ৭ সদস্যের আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেয়া হয়েছে। এতে মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মুন্সীগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ভাই মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। তবে, এতে কমিটির মেয়াদের কথা উল্লেখ নেই। কমিটির অন্য সদস্যরা হলেন- সিরাজদিখান উপজেলার আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শ্রীনগর উপজেলার বাসিন্দা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টংগিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন। এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট সাবেক এমপি আলহাজ্ব আব্দুল হাইকে আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে সদস্য সচিব করে ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি দেয়া হয়েছিল। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল হাই দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকায় তার ছোট ভাই জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জেলার হাল ধরেন।

