ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল ১ ফেব্রুয়ারী শনিবার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির একটি পক্ষ অর্ধবেলা হরতালের ডাক দেয়। সূত্রমতে, ইউনিয়নের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে একটি পক্ষ অর্ধবেলা হরতালের ডাক দেয়। হরতাল ঘোষণার পর থেকে উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করে। বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও বাজার ও আশপাশের সড়কে জনজীবন ব্যাহত হতে থাকে। এ সময় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে আলোচনায় বসতে উৎসাহিত করে। পুলিশের মধ্যস্থতায় সংশ্লিষ্ট পক্ষগুলো একটি সমঝোতায় পৌঁছায়। পরে হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয় এবং জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ প্রসঙ্গে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ জানান, “পরিস্থিতি যাতে অনাকাঙ্ক্ষিত রূপ না নেয়, সেজন্য আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। হরতাল প্রত্যাহারের ফলে বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।” বিএনপি নেতৃবৃন্দ এ ঘটনায় প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন এবং জানান, দলীয় অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্য বজায় রাখার চেষ্টা করা হবে।

