রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর স্টেশন বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আল-আমিন হোসেন বাবুপাড়ার দুলাল মিয়ার ছেলে। গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের একটি দল বাবুপাড়ায় অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেফতার করে। আল-আমিন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মুন্না হত্যা এবং আহত বিএনপি নেতা মামুন হত্যা চেষ্টা মামলার আসামী। জুলাই বিপ্লবে ছাত্রদের দমাতে আল-আমিন আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে ছিল। উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারের সদস্যদের করা মামলার আসামীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত আল-আমিনের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, গত ৪ আগস্ট আওয়ামী লীগের সাথে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সংঘর্ষে মাহমুদুল হাসান মুন্না নিহত হন। গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে মামলা করেন।

